প্রকাশনা: Weather Manikganj আবহাওয়া ডেস্ক
তথ্য উৎস: মাঠ পর্যায়ের বাস্তব পর্যবেক্ষণ ও রিয়েল-টাইম আবহাওয়া তথ্যের সমন্বয়
মানিকগঞ্জে চলমান বর্ষাকাল আরও সক্রিয় হতে পারে বলে সর্বশেষ আবহাওয়া বিশ্লেষণে ইঙ্গিত মিলেছে। সাম্প্রতিক পর্যবেক্ষণ, রাডার চিত্র এবং পূর্বাভাসের সমন্বিত বিশ্লেষণ অনুযায়ী আগামী কয়েক দিনে জেলার বিভিন্ন এলাকায় দফায় দফায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শুক্রবার (৭ আগস্ট) বৃষ্টির তীব্রতা অন্য দিনের তুলনায় বেশি হতে পারে।
Weather Manikganj এর বিশ্লেষণ অনুযায়ী ৫ আগস্ট সকাল ৯টা থেকে পরবর্তী চার দিনের জন্য দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় ঢাকা বিভাগের অন্যান্য জেলার মতো মানিকগঞ্জেও কয়েক দফা ভারী বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
মানিকগঞ্জের আগামী কয়েক দিনের সম্ভাব্য আবহাওয়ার চিত্র
| দিন ও তারিখ | আবহাওয়ার সম্ভাব্য অবস্থা | সম্ভাব্য বৃষ্টিপাত | সর্বোচ্চ / সর্বনিম্ন তাপমাত্রা |
|---|---|---|---|
| বুধবার (৫ আগস্ট) | মেঘলা আকাশ, রাতের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি | ১০–১৫ মি.মি. | ২৯°সে / ২৭°সে |
| বৃহস্পতিবার (৬ আগস্ট) | দিনজুড়ে দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টি | ২১ মি.মি. | ২৮°সে / ২৭°সে |
| শুক্রবার (৭ আগস্ট) | প্রবল বজ্রসহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা | ৯৫ মি.মি. পর্যন্ত | ২৯°সে / ২৭°সে |
| শনিবার (৮ আগস্ট) | আকাশ মেঘাচ্ছন্ন, বিরতি দিয়ে ভারী বৃষ্টি | ২১ মি.মি. | ৩১°সে / ২৭°সে |
| রবিবার (৯ আগস্ট) | মেঘলা আকাশ, মাঝেমধ্যে হালকা বৃষ্টি | ৩ মি.মি. | ৩২°সে / ২৮°সে |
শুক্রবারে সবচেয়ে বেশি সতর্ক থাকার পরামর্শ
বর্তমান পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার (৭ আগস্ট) মানিকগঞ্জে সর্বাধিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পূর্বাভাস অনুযায়ী প্রায় ৯৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়, তাহলে জেলার নিচু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হতে পারে। গ্রামীণ কাঁচা সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় চলাচলেও সাময়িক ভোগান্তি দেখা দিতে পারে। তবে বৃষ্টির প্রকৃত পরিমাণ স্থানভেদে কিছুটা কম বা বেশি হতে পারে।
বজ্রপাতের ঝুঁকি উড়িয়ে দেওয়ার সুযোগ নেই
ভারী বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কাও বাড়তে পারে। বজ্রঝড় শুরু হলে খোলা মাঠ, জলাশয়ের পাড় বা একাকী উঁচু গাছের নিচে অবস্থান না করাই নিরাপদ। প্রয়োজন ছাড়া বাইরে না গিয়ে নিরাপদ ভবনের ভেতরে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষক, জেলে, নির্মাণশ্রমিক ও খোলা জায়গায় কর্মরত ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।
বন্যার ঝুঁকি কি কমে এসেছে? প্রবণতা কী বলছে
বর্তমান আবহাওয়া পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, মানিকগঞ্জে এখনো মৌসুমি বৃষ্টির সক্রিয় সময় চলছে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, শুধু স্থানীয় বৃষ্টির ওপর বন্যা নির্ভর করে না। উজানের নদীগুলোর পানি বৃদ্ধি, পদ্মা ও যমুনার পানি প্রবাহ এবং টানা কয়েক দিনের বৃষ্টিপাত—এই তিনটি বিষয় একসঙ্গে প্রভাব ফেললে বন্যার ঝুঁকি বাড়তে পারে। তবে সে সম্ভাবনা তৈরি হয়নি।
এ মুহূর্তে মৌসুমি বন্যার সময় পুরোপুরি শেষ হয়ে গেছে—এমনটি বলার সুযোগ নেই। সাধারণত আগস্ট ও সেপ্টেম্বর মাসেও ভারী বর্ষণ এবং উজানের ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নদীর পানি দ্রুত বাড়তে পারে। ফলে মানিকগঞ্জেও নদীতীরবর্তী ও নিচু এলাকাগুলোকে পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। পদ্মা বা যমুনার পানি মানিকগঞ্জে হঠাৎ বৃদ্ধি পায় না। আগে অন্যান্য জেলা যেমন: মানিকগঞ্জের পার্শ্ববর্তী জেলা সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি দেখে মানিকগঞ্জে কেমন পরিস্থিতি তৈরি হতে পারে তা পরিস্কার বুঝা যায়। এমন পরিস্থিতিতে আমরা অবশ্যই আপডেট দেয়ার চেষ্টা করবো।
তবে বর্তমান তথ্য অনুযায়ী, আগামী কয়েক দিনের সম্ভাব্য ভারী বৃষ্টিতে কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা তৈরি হলেও, বড় ধরনের বন্যা হবে—এমন কোনো নিশ্চিত পূর্বাভাস এখন পর্যন্ত নেই।
৩ আগস্ট ২০২৬ মানিকগঞ্জের আবহাওয়া: ২ আগস্ট রাতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম, সোমবার বাড়তে পারে বজ্রবৃষ্টি
⏩ পরের পোস্ট:
মানিকগঞ্জের আজকের আবহাওয়া: বৃষ্টির সম্ভাবনা বেশি, তবে অতিভারী বৃষ্টির পূর্বাভাস নেই
